
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪২ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া বাইন্নাপাড়া মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ৪২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং পাচার কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
জব্দকৃত মাদক, অন্যান্য আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন।
মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।